‘করোনাকালে দ্বিগুণেরও বেশী ইন্টারনেট চাহিদা মিটিয়ে জীবনযাত্রা সচল রেখেছি’

১২ নভেম্বর, ২০২০ ১৬:২৬  
করোনাকালে দেশের মানুষের দ্বিগুণেরও বেশী ইন্টারনেট চাহিদা মিটিয়ে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আমরা আমাদের ডিজিটাল বাণিজ্যসহ জীবনযাত্রা সচল রেখেছি। সরকার ও তার সেবা ডিজিটাল হয়েছে বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার বাংলাদেশের ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এর সাথে অনলাইন প্লাটফর্ম সাক্ষাতকালে মন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়াদি বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন। মন্ত্রী বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অভিন্ন ইতিহাস রয়েছে। দুদেশের জনগণই নিজ নিজ দেশকে স্বাধীন করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এসময় শেখ হাসিনার সরকারের গত এগারো বছরে ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তিসহ দেশের সার্বিক উন্নয়ন তুলে ধরেন মন্ত্রী। ভিয়েত চিয়েন বলেন, ভিয়েতনাম বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তির উন্নয়নসহ করোনাকালেও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনকে উন্নয়নের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।